বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ছত্রাকযুক্ত চাল ব্যবহার ‘কাচ্চি ডাইন’কে জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের ইয়াকুবিয়া স্কুলমোড়স্থ ‘কাচ্চি ডাইন’-এ অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অভিযান।
অভিযান পরিচালনাকারী দল রেস্তোরাঁটির রান্নাঘর ও স্টোর রুমে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথেই ঢাকনাবিহীন অবস্থায় টক দই এবং বিভিন্ন মসলাজাতীয় খাবার সংরক্ষণ করা হচ্ছিল। রেস্তোরাঁটিতে নষ্ট ও ফাংগাসযুক্ত (ছত্রাক পড়া) বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে দেখা যায়।
এছাড়াও, কিচেন এবং স্টোর রুমের ভেতরে অবাধে ইঁদুর ও চিকা বিচরণ করতে দেখা যায় এবং খাদ্য সরবরাহের বিভিন্ন সরঞ্জামাদিতে এগুলোর মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এসব গুরুতর অনিয়ম ও অপরাধের সত্যতা পাওয়ার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করে নেয়। পরবর্তীতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী কাচ্চি ডাইন বগুড়া শাখাকে চল্লিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর বগুড়া জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে র্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174253