সন্ধ্যায় কোক স্টুডিওর নতুন গান, থাকছেন মাশা-শোয়েব-মৌসুমি

সন্ধ্যায় কোক স্টুডিওর নতুন গান, থাকছেন মাশা-শোয়েব-মৌসুমি

বাংলাদেশে বর্ষা মৌসুমের শুরুতে কোক স্টুডিও বাংলা সিজন ৪ প্রকাশ করছে নতুন গান ‘মেঘ’। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। 

কোক স্টুডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে উঠে এসেছে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।

আরও বলা হয়েছে, গানটির অন্যতম বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে ‘মেঘ’ পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগ একত্রে গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

এখন পর্যন্ত কোক স্টুডিওর চতুর্থ মৌসুমের প্রকাশিত শেষ গান ‘রুম ঝুম’। এতে কণ্ঠ দিয়েছিলেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। তারই ধারাবাহিকতায় আজ ২৮ জুন সন্ধ্যা ৭টায় আসছে ‘মেঘ’ গানটি। 

উল্লেখ্য কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মেঘ’ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174213