দৌলতদিয়ার পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

দৌলতদিয়ার পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ভুলবশত পদ্মার চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল।

নৌপুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২৭) শনিবার রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি নামের একটি লঞ্চ পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝখানে কুশাহাটা নামক স্থানে লঞ্চটি যাত্রীসহ চরে আটকে পড়ে। পরে উপায়ান্তর না পেয়ে যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নৌপুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

পরবর্তীতে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌপুলিশের দুটি স্পিডবোটের মাধ্যমে যাত্রীদের চর থেকে উদ্ধার করে অপর একটি লঞ্চ এমভি চিশতিয়ায় স্থানান্তর করা হয়। নৌপুলিশের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের নিরাপদে পাটুরিয়া লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ৮টার দিকে ফজলে রাব্বী ও মাসুম রানা নামে দুই যাত্রী ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলারের মাধ্যমে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174201