রাজবাড়ীর গোয়ালন্দে অভিযানে এসিল্যান্ডের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযানে এসিল্যান্ডের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফয়সাল শেখ জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের অপু শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ আরও ১০/১২ জন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হিরোইন উদ্ধার করা হয়। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হয়।

এর ধারাবাহিকতায় গতকাল ২৭ জুন সন্ধ্যায় র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, গ্রেপ্তার ফয়সাল শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকায়। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174194