লেবানন-ইসরাইল চুক্তিকে ঐতিহাসিক বললেন নেতানিয়াহু

লেবানন-ইসরাইল চুক্তিকে ঐতিহাসিক বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তি স্বাক্ষরের পর শনিবার (১৭ জুন) দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া এই ফ্রেমওয়ার্ক সমঝোতা দুই দেশের সংঘাতের অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আওতায় যুক্তরাষ্ট্র ও লেবানন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে প্রয়োজন অনুযায়ী ইসরাইলের উপস্থিতি বজায় রাখার অধিকার স্বীকার করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে ইরান ও হিজবুল্লাহর হতাশা এবং সমালোচনাও শুনেছেন আপনারা। এই চুক্তির মাধ্যমে লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র মূলত স্পষ্ট বার্তা দিচ্ছে যে লেবাননে ইরান বা হিজবুল্লাহর মত সন্ত্রাসী সংগঠনের কোনো অবস্থান, কোনো সম্পৃক্ততা বা কোনো ভূমিকা নেই।এদিকে লেবাননের সঙ্গে শান্তিচুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করেছে ইসরাইল। স্থানীয় সময় শনিবার, নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলার স্থানটি নিরাপত্তা অঞ্চলের বাইরে, যেটি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, স্থলসেনা না থাকায় ড্রোন ব্যবহার করে এমন একজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল।
 
হামলার মধ্যেই ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরাইল-লেবানন ফ্রেমওয়ার্ক চুক্তি বাতিল ঘোষণা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠি জানায়, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্বের প্রতি অপমান। এটি কার্যত ইসরাইলি দখলকে বৈধতা দেয়। হিজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেম-এর মতে, এর পরিবর্তে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারককে ভিত্তি করে নতুন কাঠামো গ্রহণ করা উচিত। তিনি বলেন,ওয়াশিংটনে হওয়া এই চুক্তি অপমানজনক, লজ্জাজনক এবং লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের শামিল। এই চুক্তির কোনো বৈধতা নেই। এর পরিবর্তে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের শর্তগুলোই বাস্তবায়ন করতে হবে।
 
অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174180