নিষ্প্রভ রোনালদো, কলম্বোর সাথে ড্রয়ে নকআউটে পর্তুগালের প্রতিপক্ষ যারা
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে জোড়া গোল করে বলেছিলেন, ‘আই আম ব্যাক’। তবে পরের ম্যাচেই আবার নিষ্প্রভ দেখা গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি অভিজ্ঞ এই ফরোয়ার্ড। পুরো ম্যাচে গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছেন তিনি।
প্রথমার্ধে একটি ফ্রি-কিক থেকে নেওয়া দুর্বল শটই ছিল রোনালদোর একমাত্র প্রচেষ্টা। ৯০ মিনিট মাঠে থেকে তিনি বল স্পর্শ করেছেন ৩৫ বার, একটি সফল ড্রিবলও করতে পারেননি। পরিসংখ্যানেও ফুটে উঠেছে তার নিষ্প্রভ পারফরম্যান্স। পুরো ম্যাচ শেষে ৬.২ রেটিং পেয়েছেন রোনালদো, যা ছিল পর্তুগাল দলের দ্বিতীয় সর্বনিম্ন। রোনালদো নিজের সেরাটা দেখাতে না পারলেও হার এড়িয়েছে পর্তুগাল। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়েও জালের দেখা পায়নি কলম্বিয়া। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ব্যবধানেই ড্র হয়েছে। আর এই ড্রয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে কলম্বিয়া ও রানারআপ হয়ে পর্তুগাল নকআউট পর্বে পা রাখল।
রাউন্ড অব বত্রিশে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদোরা। আগামী ৩ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার। ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে শেষ করেছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট আছে ডিআর কঙ্গোর। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174176