অপরাজিত থেকেও ছিটকে গেল ইরান, ৩২ এ থাকছে যেসব দল
স্পোর্টস ডেস্ক : পর্দা নেমেছে বিশ্বকাপের গ্রুপ পর্বের। ৪৮ দলের এই আসর থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ১৬ দল, আর শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ৩২ দল। এখন শুরু হচ্ছে নকআউট পর্বের লড়াই, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে পুরো অভিযাত্রা।
গ্রুপ পর্বের শেষ দিনে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলের ড্রয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে রাউন্ড অব ৩২’র সব দলের পরিচয়। ওই ম্যাচের ফলেই রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে অস্ট্রিয়া। অন্যদিকে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে ওঠার সুযোগ পেয়েছে। সেই হিসাবেই শেষ ষোলোতে জায়গা পেয়েছে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল।
এই দলগুলোর মধ্যে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া এবং প্যারাগুয়ে একটি করে জয় ও একটি ড্র থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সেই পয়েন্টই তাদের নকআউট পর্বে জায়গা করে দিতে যথেষ্ট হয়েছে। অন্যদিকে সেনেগাল তুলনামূলক কম পয়েন্ট নিয়েও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে একটি জয় থেকে তাদের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। তবে +২ গোল পার্থক্য তাদের বড় সুবিধা এনে দেয়। একই পয়েন্ট পাওয়া কয়েকটি দলকে পেছনে ফেলে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
সবচেয়ে হতাশাজনক বিদায় বলতে গেলে ইরানের। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারিয়েও নকআউট পর্বে উঠতে পারেনি তারা। ৩ পয়েন্ট নিয়ে ইরানের গোল পার্থক্য ছিল শূন্য। একই পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার গোল পার্থক্য ছিল -১ এবং স্কটল্যান্ডের -৩। কিন্তু সেনেগালের +২ গোল পার্থক্যের কারণে এই তিন দলই শেষ পর্যন্ত বাদ পড়ে যায়। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্যও বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই। নিজেদের গ্রুপে তৃতীয় হলেও তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র ২ পয়েন্ট। ফলে সেরা তৃতীয় দলগুলোর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই পায়নি দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দলটি।
গ্রুপ পর্বের ৭০ ম্যাচ শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়। আজ রাত থেকেই মাঠে গড়াবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। উদ্বোধনী নকআউট ম্যাচে স্বাগতিক দল কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই নির্ধারণ করবে কারা এগিয়ে যাবে শিরোপার আরও কাছে, আর কারা বিদায় নেবে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174172