নদী গিলে খাচ্ছে বসতভিটা ঝুঁকিতে শতাধিক পরিবার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার নদীবেষ্টিত সাদুল্লাপুরে ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে বাঁধের রাস্তা। ফলে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। ইতিমধ্যে অনেকে বাপ-দাদার বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। আর ভাঙন ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবারের মানুষ। এখন নদীর করাল গ্রাসে আশ্রয়হীন হবার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে তাদের।
সরেজমিনে গত শুক্রবার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (পূর্বপাড়া) নামক স্থানের প্রায় ৫শ’ মিটারজুড়ে দেখা যায়, ঘাঘট নদীর তীব্র ভাঙনের দৃশ্য। স্থানীয়রা বলছেন, একসময় পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (পূর্বপাড়া) নদী ঘেঁষে একটি বাঁধের রাস্তা ছিলো। কয়েক বছর আগে সেই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এরপর থেকে এ স্থানে থামছে না নদী ভাঙন।
যার কারণে অনেকের ঘরবাড়ি নদীর পেটে চলে গেছে। তারা ভূমিহীন হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এছাড়া বেশ কিছু কৃষকের ফসলি জমি নদীতে হারিয়েছে। বর্তমাণে নদী তীরের শতাধিক পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে। যেকোন মুহূর্তে নদী গর্ভে বিলীন হতে পারে তাদের বাপ-দাদার ঘরবাড়ি। বিদ্যমান পরিস্থিতিতে ভুক্তভোগী মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (পূর্বপাড়া) নামক স্থানের ভাঙন নতুন করে নয়, এটি দীর্ঘদিনের। এখানে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডসহ ইউপি চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েও কোন কাজ হয়নি। এ স্থানে ভাঙন ঠেকাতে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (পূর্বপাড়া) নামক স্থানে নদী ভাঙনের বিষয়টি অবগত আছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে ভাঙন রোধের জন্য চেষ্টা করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174116