কালিমা খচিত পতাকা অবমাননার অভিযোগে শেরপুরে বিক্ষোভ মিছিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ঢাকার ফ্লাইওভার থেকে কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শেরপুর কেন্দ্রীয় শাহী মসজিদ বাসস্ট্যান্ড থেকে খতিব মুফতি আব্দুল আউয়াল শেরপুরীর নেতৃত্বে তৌহিদী জনতার ব্যানারে এ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলে কালেমা খচিত সাদা পতাকা হাতে মোটরসাইকেল ও পায়ে হেটে অন্তত পাঁচশতাধিক মুসল্লী অংশ নেন। মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শাহী মসজিদের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জুন মাসের মাঝামাঝি সময়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারে টাঙানো কালিমার খচিত কয়েকটি পতাকা অজ্ঞাত ব্যক্তিরা নামিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই প্রতিবাদে শেরপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174097