ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত
ঢাবি প্রতিনিধি: বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের বাংলা শোনা, বলা, পড়া এবং লেখার দক্ষতা কার্যকরভাবে বৃদ্ধিতে সহযোগিতা করবে।
এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের বাংলা ভাষা প্রোগ্রামের শিক্ষাদান ও প্রশিক্ষণে পরাস্পরকে সহযোগিতা করবে। ইউনান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ভাষার ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা প্রোগ্রামের পাঠ্যক্রম সূচি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষাদান সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। ইউনান বিশ্ববিদ্যালয় তৃতীয় শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে এক সেমিস্টার অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থী প্রেরণ করবে।
ইউনান বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সফলভাবে পড়াশোনা সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাপনী সনদপত্র প্রদান করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, শতাব্দীর পর শতাব্দীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক গড়ে উঠেছে, যা পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি দ্বারা আবদ্ধ। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষা আমাদের জনগণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে। এটি কেবল জ্ঞান স্থানান্তরের বিষয় নয়; এর মূল উদ্দেশ্য হলো পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা এবং এমন একটি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা, যারা আন্তর্জাতিক সহযোগিতাকে মূল্য দেয়। ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচি এই চেতনাকে নিখুঁতভাবে মূর্ত করে তোলে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের একসঙ্গে শেখা, মতবিনিময় ও বিকাশের পথ তৈরি করে দেয়।
সফরকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন এবং ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174092