নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়
বিনোদন ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি।
সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা।
ডালাস থেকে সঞ্জয় দেব গণমাধ্যমে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন’ শুধু একটি খেলার গান নয়; এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে।
সঞ্জয় বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্বও সামলেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে চলেছে ‘চ্যাম্পিয়ন’-এর কাজ।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে সেখানে গিয়ে এক দিনেই ভিডিওর পুরো শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা।
সঞ্জয়ের মতে, জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রচারণা।