তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালায়। তবে সেই প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৭ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৫৫ বিজিবি জানায়, ১৯৮২ নম্বর মেইন পিলার-সংলগ্ন সীমান্ত এলাকায় কিছুসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন বলে জানায় বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174086