কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. সায়েম (২২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয় জেলে, বিচ কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

আজ শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ইনানী সৈকতের পালংকি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা এবং মোহাম্মদ ইকবালের ছেলে।

নিখোঁজ পর্যটকের বন্ধু আরমান জানান, তারা দুজন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে হঠাৎ সায়েম স্রোতের টানে গভীর পানিতে চলে যান এবং চোখের আড়ালে হারিয়ে যান। তিনি তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ইনানীর রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ পাশে পালংকি রেস্তোরাঁ সংলগ্ন সৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নেমেছিলেন। এ সময় হঠাৎ একটি বড় ঢেউ আঘাত হানলে স্রোতের টানে সায়েম ভেসে যান।

তিনি জানান, ঘটনার পরপরই স্থানীয় জেলে, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ শুরু করে। পাশাপাশি উদ্ধার অভিযান জোরদার করতে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যদেরও অবহিত করা হয়েছে। সর্বশেষ বিকেল ৩ টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174052