ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ৯০০
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও চলছে মরিয়া চেষ্টা। তবে দুর্যোগের প্রায় দুই দিন পার হতে চললেও উপদ্রুত এলাকাগুলোয় বিদেশি উদ্ধারকারী দল ও আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর গতি খুবই ধীর।
ভেনেজুয়েলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এ পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। এখনও ১৭২ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই শুক্রবার বিকালে কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে ৪.৯ মাত্রার আরেকটি মৃদু আফটারশক অনুভূত হওয়ায় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় সরকারি ত্রাণ ও উদ্ধারকাজের ধীরগতির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। লা গুয়াইরা রাজ্যের পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট এবং প্রশাসনের সীমিত উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাচ্ছেন।
এদিকে এই প্রাকৃতিক বিপর্যয় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেসের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেস নিজেকে রাজনৈতিক পরিবর্তনের দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৭.২ এবং ৭.৫ মাত্রার এই দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলায় সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় দফার কম্পনটি ছিল গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সূত্র : রয়টার্স
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174027