দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক : মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ। বিশ্বকাপে এটিই তাদের প্রথম অংশগ্রহণ। অথচ ফুটবলের মহারণে নিজেদের অভিষেকেই একের পর এক চমক দেখিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটির সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করেই নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে। গোলশূন্য ম্যাচ হলেও বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কয়েকবার গোলের খুব কাছেও পৌঁছে যায় দলটি। তবে সৌদি রক্ষণ শেষ পর্যন্ত ভাঙা হয়নি। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারানোয় সমীকরণ পুরোপুরি কেপ ভার্দের পক্ষে চলে আসে। তিন ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে তারা।

বিশ্বকাপে অভিষেকেই এমন কীর্তি গড়ে কেপ ভার্দে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশটি গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে শেষ ৩২-এ উঠে প্রমাণ করেছে, ফুটবলে সাফল্য সব সময় জনসংখ্যা বা ঐতিহ্যের ওপর নির্ভর করে না। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও পয়েন্ট কুড়িয়ে বিশ্ব ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা। অন্যদিকে জয়ের বিকল্প না থাকলেও সৌদি আরব গোলের দেখা পায়নি। তিন ম্যাচে দুটি ড্র ও এক হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করতে হয়েছে গ্রিন ফ্যালকনদের।

এবার কেপ ভার্দের সামনে আরো বড় পরীক্ষা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174022