ক্ষমতার জন্য ভোট মেনে নিলেও সংস্কারের প্রশ্নে গণভোট মানেনি সরকার: জামায়াত আমির
জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার যে পরিবর্তন চেয়েছিল, তা বাস্তবায়ন হতে দেয়া হয়নি। একই সঙ্গে তিনি সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করে জনগণবিরোধী কোনও পদক্ষেপ নেয়া হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল, কিন্তু ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারগুলোও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, একই দিনে দুটি ভোট হলেও ক্ষমতার জন্য একটি ভোট মেনে নেয়া হয়েছে, কিন্তু সংস্কারের প্রশ্নে গণভোট মেনে নেয়া হয়নি। জনগণের দেয়া রায় সরকার অগ্রাহ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি।
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি অধিকার আদায়ে সবাইকে অনড় থাকার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশজুড়ে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। অথচ নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় মাতব্বরি করে বেড়াচ্ছেন।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণবিরোধী কোনও পদক্ষেপ নেয়া হলে জামায়াতে ইসলামী শুধু প্রতিবাদই করবে না, তা প্রতিহতও করবে। সব ধরনের অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জামায়াত যদি কোনও সিদ্ধান্ত গ্রহণে ভুল করে, তাহলে জনগণ যেন তা ধরিয়ে দেয় এবং প্রয়োজন হলে প্রতিবাদ করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173957