১৭ বছর পর কৃষক হত্যা মামলার রায়, দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন

১৭ বছর পর কৃষক হত্যা মামলার রায়, দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন

দীর্ঘ ১৭ বছর বিচারিক প্রক্রিয়া শেষে টাঙ্গাইলের সখীপুরে কৃষক দুলাল হত্যা মামলায় দুই সহোদর ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক দিলার আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর দুই ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক। এর মধ্যে রায় ঘোষণার সময় আবুল কাশেম ও রওশন আলী আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডিত মোস্তাক পলাতক রয়েছেন।

স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদী ওহাব সিকদারের পরিবারের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ওহাবের চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট সখীপুর থানার তৎকালীন এসআই আবুল কালাম আজাদ ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলা চলাকালে তিন আসামির মৃত্যু হয়। পরে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173941