বগুড়ায় গাক আয়োজিত জব ফেয়ার তাৎক্ষণিক চাকরি পেলেন ১৪৮জন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: “ছোট্ট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” স্লোগান'কে সামনে রেখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় রেইস প্রকল্পের আওতায় বগুড়ায় ‘জব ফেয়ার-২০২৬’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বগুড়া শহরের বনানীস্থ গাক টাওয়ার চত্বরে প্রধান অতিথি হিসেবে ‘জব ফেয়ার’এর উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন। উদ্বোধনকালে তিনি বলেন, চলমান প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জব ফেয়ার যুব সমাজকে কর্মমুখী করার পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করবে।
গ্রাম উন্নয়ন কর্ম (গাক)এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। উল্লেখ্য, গাক আয়োজিত জব ফেয়ার-এ জনবল নিয়োগের লক্ষ্যে ২০টি প্রাইভেট প্রতিষ্ঠান ষ্টল স্থাপন করে। চাকুরি প্রত্যাশী সাড়ে ৬শ’ কর্মহীন মানুষ ষ্টল সমূহে সিভি জমা দেন। তার মধ্যে থেকে তাৎক্ষণিক ইন্টারভিউয়ের মাধ্যমে ১৪৮জন'কে চাকুরী প্রদান করা হয়। বাকীদের নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। অপরদিকে জব ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়াও চরাঞ্চলের ৩২জন কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173934