রংপুরে বৃদ্ধকে গলাকেটে হত্যা মামলার আসামি কুমিল্লায় গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে বৃদ্ধকে গলাকেটে হত্যা মামলার আসামি র্যাবের অভিযানে কুমিল্লা থেকে গ্রেফতার হয়েছে। র্যাব-১৩ এবং র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গত বুধবার সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালি থানার দক্ষিণ চরথা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালি থানার বৃদ্ধকে গলাকেটে হত্যা মামলার এজাহারনামীয় ৬নং আসামি হরিদেবপুর দোলাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো: রাসেল মিয়াকে(২৮) গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা বাদির পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। গত ২৬ এপ্রিল বাদির বাবা ভিকটিম মো: আবু বক্কর(৬৫) বাদির নির্মাণাধীন বাড়িতে ঘুমাতে যান।
পরের দিন ভিকটিম নির্মাণাধীন বাড়ি থেকে ফিরে না আসলে বাদি তাকে খুঁজতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তিনি তার বাড়ির প্রধান দরজা ভেতর থেকে বন্ধ এবং পূর্ব দিকের ঘরের জানালা খোলা দেখতে পান। বাদি তার পিতাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে তার বাবাকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসার জন্য ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় জানান যে, ধৃত আসামিসহ তার সহযোগী আসামিরা ঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে ভিকটিমকে হত্যার জন্য গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনায় ভিকটিমের ছেলে বাদি হয়ে গত ১মে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল বৃদ্ধকে হত্যা মামলার ৬নং আসামি মো: রাসেল মিয়াকে(২৮) গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173918