টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলের সখীপুরে কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অপর ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর দুই ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক।

স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বাদী ওহাব সিকদারের পরিবারের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এ সময় ওহাব সিকদারের চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলা চলাকালে তিনজন আসামি মারা যান। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আবুল কাশেম ও রওশন আলী আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডিত আসামি মো. মোস্তাক পলাতক রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173913