অভিনয়ে ফিরবেন পপি, তবে...
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সিনেমার একসময়ের গ্ল্যামারাস এবং তুমুল জনপ্রিয় নায়িকা সিনেমাতে অভিনয়ে আর ফিরবেন না, এমনটাই জানেন সবাই। মিডিয়াতে বারবার এই নিয়ে বিভিন্ন সংবাদও প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু গতকাল তারসঙ্গে এই বিষয়ে কথা হলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আর কখনো সিনেমাতে অভিনয় করবেন না। তবে যদি কখনো আগামী কয়েক বছরের মধ্যে তাকে নিয়ে কোনো বায়োপিক নির্মিত হয় তবেই কেবল তিনি তাতে অভিনয় করবেন। এর বাইরে আর কখনো কোনো সিনেমা বা কোনো নাটক বা কোনো বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী নন পপি।
পপি বলেন,‘ এরমধ্যে আমি সিনেমাতে অভিনয়ে ফেরার ব্যাপারে নানান মাধ্যমে প্রস্তাব পেয়েছি, খবরও পেয়েছি আমাকে নিয়ে অনেকেই সিনেমা নির্মাণ করতে চান। কিন্তু আমি আপাতত আর সিনেমাতে অভিনয় করতে চাই না। আমি আমার স্বামী এবং একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চাই, সুখী একটা দাম্পত্য জীবনের মাঝেই আমি আমার জীবনটা পার করে দিতে চাই। তবে কেউ যদি খুউব পারফেক্টলি আমার জীবন নিয়ে কোনো বায়োপিক করতে চান তবে অবশ্যই আমি তাতে অভিনয় করবো। আমার একদম জন্ম থেকে শুরু করে বেড়ে উঠা, আমার পড়াশুনা, আমার ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন, আমার ব্যক্তিগত জীবন, আমার সংগ্রামী জীবন, আমার চলচ্চিত্র জীবন’সহ আরো নানান কিছু খুঁটিনাটি সবকিছু সুন্দরভাবে একটি চমৎকার গল্পে আমার মনের মতো করে যিনি তুলে ধরতে পারবেন আমার তারই নির্দেশনায় অভিনয় করবো। যদি ভালো না লাগে তাহলে আমি আর অভিনয়ে ফিরতে চাইনা। অর্থাৎ কোনোরকম একটা বায়োপিক হবে, এমনটাতে আমি অভিনয় করতে চাই না। কারণ দেশে বিদেশে আমার অনেক ভক্ত আছে। আমার প্রতি তাদের প্রত্যাশা রয়েছে এটা আমি জানি। একটা সময় চলচ্চিত্রে মৌসুমী আপু-শাবনূরের ব্যাপক দাপট ছিলো, এমন দাপুটে সময় আমিও পার করেছি, পূর্ণিমাও পার করেছে। আমাদের ভক্তরা এখনো আমাদের নিয়ে গর্ব করে। তাই যদি বায়োপিকে অভিনয় করি সেটা যেন দৃষ্টান্ত মূলক কোনো বায়োপিক হয় এমনটাই প্রত্যাশা থাকবে আমার।’
পপি সর্বশেষ সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাতে অভিনয় করেছেন। এরপর আর তাকে নতুন সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি। সিনেমাতে অভিনয়ের জন্য পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
এছাড়াও দেশের বিভিন্ন সংগঠন থেকে তিনি বিভিন্ন সময়ে তিনি শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173904