আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো’

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হওয়া বহুল আলোচিত কনসার্টটি নতুন করে আয়োজনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।

আয়োজকদের ভাষ্য, গত বছরের স্থগিত হওয়া কনসার্ট নিয়ে দর্শকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক কাজী রাফসান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দর্শকদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে। তার মতে, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির সফল পরিণতি।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন এবং রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন সম্পন্ন করলে যাচাই-বাছাই শেষে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

এছাড়া যারা আগে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও অর্থ ফেরত পাননি, তারাও চাইলে আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যুর ব্যবস্থা করা হবে।

এদিকে কনসার্টের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানস্থলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। আতিফ আসলামের ঢাকায় ফেরার খবরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173890