স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনে দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সাজেদা আক্তার (২৬) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি কদমতলী বাজার এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।
পুলিশ জানায়, সাজেদা আক্তারের বিরুদ্ধে তার স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গত সোমবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার রাতে অভিযান চালিয়ে কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173887