যুদ্ধের পর ইরান এখন বিশ্বে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র : পেজেশকিয়ান

যুদ্ধের পর ইরান এখন বিশ্বে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এমন জবাব দিয়েছে, যা শত্রুপক্ষ কল্পনাও করেনি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান এখন বিশ্বে ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বুধবার (২৪ জুন) দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, ইরান এখন ‘বিশ্বজুড়ে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে পরিচিত। তার ভাষায়, ‘আমাদের শত্রুরা মনে করেছিল, তারা তিন দিনের মধ্যেই ইরানের পতন ঘটাতে পারবে এবং তাদের অনুগত লোকদের ক্ষমতায় বসাতে পারবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এমন এক অধ্যায় রচনা করেছে, এমন জবাব দিয়েছে যা শত্রুরা কখনও কল্পনাও করেনি।’

যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিলেন। তবে বর্তমানে দুই দেশ কূটনৈতিক আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। এদিকে তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, শুরুর কয়েকটি কঠিন দিন পার করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এখনও টিকে আছে। এতে যুদ্ধের দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। তবে সামনের দিনগুলোতে দীর্ঘ আলোচনার প্রক্রিয়ার দিকে নজর রাখছেন ইরানিরা। সংঘাতের স্থায়ী অবসানে আশাবাদী হলেও তারা সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173856