‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারের বাবার আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। দীর্ঘদিনের চোট কাটিয়ে ছেলে আজ মাঠে ফিরতে পারেন—এমন সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করে ব্রাজিল দলের জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।
পায়ের কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের ‘নাম্বার টেন’। তবে চোট থেকে সেরে ওঠার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার বিশ্বকাপ অভিষেক হতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
ম্যাচের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেইমারের বাবা লিখেছেন, “সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন... অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তের সাক্ষী হব। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন।”
পোস্টটির সঙ্গে প্রকাশ করা ভিডিওতে নেইমারের ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়। পুরো ভিডিওজুড়ে প্রতিকূলতা জয় করার বার্তা বহনকারী একটি গান বাজতে থাকে। ন্যারেশনে শোনা যায় অনুপ্রেরণামূলক একটি আহ্বান—“তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।”
বিশ্বকাপ শুরুর পর থেকেই নেইমারের চোট ছিল ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়। কাফ ইনজুরির কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। তবে গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
চোট কাটিয়ে টানা তিন দিন দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন নেইমার। মঙ্গলবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের প্রথম ১৫ মিনিটে তার প্রাণবন্ত উপস্থিতি এবং ফিটনেস দেখে আশাবাদী হয়ে ওঠেন ব্রাজিলের সমর্থকরা।
স্কটল্যান্ড ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও নেইমারকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ইতালিয়ান এই কোচ বলেন, “ও প্রস্তুত। গত কয়েক দিন খুব ভালো অনুশীলন করেছে।”
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন—দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে অবশেষে দেখা মিলবে কি নেইমার জুনিয়রের?
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173835