ঠাকুরগাঁওয়ে ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’ জার্সি পরে গেলে সবজিতে বিশেষ ছাড়
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগরে কাঁচাবাজারে আরতে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এক সবজি ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বাজারের সাধারণ একটি সবজির দোকান এখন পরিচিত ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’ নামে। দোকান জুড়ে নীল-সাদা আর্জেন্টাইন পতাকার সাজসজ্জা, আর রয়েছে বিশেষ অফার আর্জেন্টিনার জার্সি পরে এলে প্রতি কেজি সবজিতে মিলবে ১০ টাকা পর্যন্ত ছাড়।
সরেজমিনে দেখা যায়, বাজারের অন্য সব দোকানের ভিড়ে কাওসার আলীর দোকানটি যেন আলাদা এক আকর্ষণ। পুরো দোকান নীল-সাদা রঙে সাজানো। ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনা পতাকা বাতাসে উড়ছে। দোকানের সামনে বড় অক্ষরে লেখা ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’। আর তার পাশেই ঝুলছে ক্রেতাদের জন্য বিশেষ বার্তা, ‘আর্জেন্টিনার জার্সি পরে এলেই কেজি প্রতি ১০ টাকা ছাড়।’
এই অভিনব ঘোষণার পর থেকেই দোকানটিতে ভিড় বাড়তে শুরু করেছে। কেউ ছাড়ের সুবিধা নিতে জার্সি পরে আসছেন, কেউ আবার শুধুই কৌতূহল মেটাতে ছুটে আসছেন। অনেকে দোকানের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।
এলাকাবাসীর মতে, কাঁচাবাজারে এমন ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখা যায়নি। ফলে প্রতিদিনই বাড়ছে মানুষের আগ্রহ। ফুটবল প্রেমীদের কাছে এটি এখন এক ধরনের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দোকানে বাজার করতে আসা রাহান বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ছাড় এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম। বাজারও হলো, আবার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসাও প্রকাশ করতে পারলাম।’
দোকানের মালিক কাওসার আলী বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই দলটির প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। সেই ভালোবাসা থেকেই দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদের আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173814