চাঁদপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে থেকে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে থেকে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে লোডশেডিং ও অতিরিক্ত বিলের জেরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে হামলা চালিয়ে এক লাইনম্যানকে তুলে নিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

এ সময় তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এ ঘটনায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছে।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার এজাহার অনুযায়ী, গতকাল মঙ্গলবার দুপুরে উপকেন্দ্র-১ এর উত্তর ধানুয়া গ্রামে লাইন মেরামতের সময় ১০-১২ জনের একটি উত্তেজিত দল সাব-স্টেশনে ঢুকে লাইনম্যানদের ওপর চড়াও হয় এবং একজনকে তুলে নিয়ে মারধর করে।

মামলায় ধানুয়া গ্রামের মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী ও মো. জসিমসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

​স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের তীব্র লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে প্রতিকার না পাওয়ায় চরম ভোগান্তি থেকে ক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে।

​পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, উচ্চমাত্রার বিদ্যুতাড়িত উপকেন্দ্রে এমন অনধিকার প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।

​ফরিদগঞ্জ থানার ওসি জানান, সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173793