নরসিংদীতে নির্জন স্থানে লাশ গুমের চেষ্টায় মাইক্রোবাস চালক আটক

নরসিংদীতে নির্জন স্থানে লাশ গুমের চেষ্টায় মাইক্রোবাস চালক আটক

নরসিংদীর পলাশে সড়কের পাশে একটি নির্জন স্থানে লাশ গুমের চেষ্টাকালে প্রাইভেট কারের চালককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে ধরে ফেলে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটক চালক মনির হোসেন দাবি, গাবতলী এলাকার একটি পাম্পের সামনে পাঁচ ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেয়। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। তবে পথে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173785