সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : দীর্ঘ ১৫ বছর পর সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আজ বুধবার (২৪ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন।

তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন। তিনি আরও জানান, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। রিভিশন নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। পরে এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার এক আসামি রুহুল আমীন বাবু মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হত্যাকান্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ কাজ করেছিল। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অবশেষে এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করল আদালত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173782