প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে : রোনালদো

প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে : রোনালদো

স্পোর্টস ডেস্ক : ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পারফরম্যান্স, সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং দলের পরিবেশ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সব প্রশ্নের জবাব মাঠেই দিলেন পর্তুগিজ মহাতারকা।

হিউস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। দলের জয়ে জোড়া গোল করে সামনে থেকে নেতৃত্ব দেন রোনালদো। সতীর্থদের নিখুঁত পাস থেকে দুটি গোল করার পাশাপাশি আক্রমণ ও রক্ষণ—দুই জায়গাতেই দায়িত্বশীল পারফরম্যান্স উপহার দেন তিনি।

এই ম্যাচে গোল করে ইতিহাসও গড়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপেই গোল করার অনন্য কীর্তি গড়ার পর বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান রোনালদো। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নেন তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, “আমি খুবই আনন্দিত। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের পরিশ্রম এবং আমরা যে আত্মবিশ্বাস দেখিয়েছি।”

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “আমরা সত্যিই খুব ভালো খেলেছি এবং আগের ম্যাচের তুলনায় অনেক উন্নতি করেছি। যেমন একটি প্রবাদ আছে, ‘প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে।’ কঠিন সময়ের পর ভালো কিছু আসবেই—আজ আমরা সেটাই দেখিয়েছি।”

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দেন জানিয়ে রোনালদো বলেন, “অবশ্যই নতুন রেকর্ড গড়তে ভালো লাগে। কিন্তু আমার মূল লক্ষ্য সবসময় একটাই—জাতীয় দলের জয়ে অবদান রাখা এবং দলকে যতটা সম্ভব সাহায্য করা।”

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর যে সমালোচনার মুখে পড়েছিলেন, উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তার জবাব দিলেন রোনালদো। একই সঙ্গে শিরোপার লড়াইয়ে নিজেদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেও বার্তা দিয়ে রাখল পর্তুগাল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173687