কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কবির হোসেন আর নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় তিনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
কৃষক কবির হোসেনের পরিবারের সদস্যরা এ প্রতিবেদকে বলেন, কবির হোসেন সকাল থেকেই বুকের ব্যাথা অনুভব করছিলেন। পরে সকালে তিনি টাঙ্গাইলের স্থানীয় একটি ক্লিনিকে যান। সেখানে ইসিজি করার পরে হার্টের সমস্যা ধরা পরে। পরবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি তাৎক্ষণিক ওষুধ খান। এসময় তিনি কিছুটা সুস্থতা অনুভব করলে নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে সন্ধ্যায় তার আবারও বুকে ব্যাথা অনুভব হয়। এসময় তিনি স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে বাড়িতে আসা মাত্রই মাটিতে পড়ে যান। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
কবির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে তাকে নিয়ে নানা ধরনের প্রচারণা চালায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173679