রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টর শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা সমাজের সুবিধাবঞ্চিত ও পশ্চাদপদ নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন-সহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের দ্বারা পরিচালিত বিভিন্ন সেবামূলক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশু কল্যাণসহ সেবামূলক সব ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।
প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময়ে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173648