ঝিনাইদহে আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নেওয়ার’ অভিযোগ

ঝিনাইদহে আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নেওয়ার’ অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আজ সকালে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান তার আড়পাড়া এলাকার বাসভবনের নিচে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সভার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়ার আয়োজন ছিল তাদের। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে মোস্তাফিজুর রহমানকে আটক করার চেষ্টা করে। এ সময় উপস্থিত নেতাকর্মী ও তার স্বজনরা বাধা দেন এবং একপর্যায়ে তাকে পুলিশের কাছ থেকে সরিয়ে নিয়ে যান।

তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ সেখানে যাওয়ার খবর পেয়েই মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। তড়িঘড়ি করে পালানোর সময় তার মুঠোফোনটি ফেলে যান। ফোনটি বর্তমানে আমাদের হেফাজতে আছে। পরিবারের কেউ এলে সেটি দিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে নেতাকর্মীদের দাবি, পুলিশ সাবেক মেয়রকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং তাকে পুলিশের হাত থেকে উদ্ধার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173641