জয়পুরহাটের কালাইয়ে অনুমোদনহীন ভারতীয় ভ্যাকসিন বিক্রির দায়ে জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে অনুমোদনহীন ভারতীয় ভ্যাকসিন বিক্রির দায়ে জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে চোরাই পথে আসা গবাদিপশুর খুরা রোগের ভারতীয় ভ্যাকসিন ও প্রজনন সামগ্রী বিক্রির দায়ে দুটি ফার্মেসীর মালিকের ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেলে উপজেলার মাত্রাই বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মাত্রাই বাজার ও আশপাশ বাজারে চোরাই পথে আসা নিম্নমানের ভারতীয় বিভিন্ন প্রকারের ভ্যাকসিন ও ওষুধ ক্রয়-বিক্রয় হচ্ছে বিভিন্ন ফার্মেসীতে। এমন অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তাকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মাত্রাই বাজারের মনিরা ট্রেডার্স এর মালিক মতিউর রহমানকে গবাদিপশুর খুরা রোগের অনুমোদনহীন ভারতীয় ভ্যাকসিন বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং একই বাজারের আমেরিকান ডেইরি লিমিটেড নামে অপর এক প্রতিষ্ঠানে কৃত্রিম প্রজনন কর্মী আবু বক্কর সিদ্দিককে এডিএল-এর পাশাপাশি লালতীর কোম্পানির প্রজনন সামগ্রী একত্রে রেখে নিয়মবহির্ভূতভাবে বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলায় এ অর্থদন্ড আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা জানান, পশুসম্পদ খাতে নিরাপত্তা ও খামারিদের স্বার্থ রক্ষায় অনুমোদনহীন ও নিম্নমানের ওষুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173632