বগুড়ার ধুনটে গাড়ির বহরে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়ির বহরে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আশরাফুল কবীর রানা (৫২) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল কবীর রানা উপজেলার ভান্ডারবাড়ি নারায়নপুর গ্রামের মফিজ উদ্দিন মাস্টারের ছেলে এবং ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রানাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173617