ওয়ান ব্যাংক ও নগদের রিয়েল-টাইম ফান্ড ট্রান্সফার চুক্তি স্বাক্ষর
ওয়ান ব্যাংক পিএলসি এবং নগদ রিয়েল-টাইম ফান্ড ট্রান্সফার সুবিধা চালুর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ওয়ান ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের মোবাইল অ্যাপ, ‘ওয়ান অ্যাপ’ ব্যবহার করে সরাসরি তাদের ব্যাংক হিসাব থেকে ‘নগদ’ ওয়ালেটে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। গ্রাহকসেবাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এটি ওয়ান ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চুক্তির আওতায় গ্রাহকরা একটি নিরাপদ, সহজ ও নিরবচ্ছিন্ন অ্যাকাউন্ট-টু-ওয়ালেট ফান্ড ট্রান্সফার সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে আর্থিক লেনদেন পরিচালনা করা সম্ভব ।
আজ রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের কর্পোরেট হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। এই আয়োজনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত থেকে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু প্রমুখ। এছাড়া ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাব্বির আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নগদ প্রশাসক, মো. মোতাছিম বিল্লাহ বলেন, “বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক, মুহিত রহমান বলেন, “গ্রাহকদের অধিকতর আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে ওয়ান ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সাথে এই অংশীদারিত্ব আমাদের সেই যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা গ্রাহকদের তাৎক্ষণিকভাবে, নিরাপদে এবং নির্বিঘ্নে ফান্ড ট্রান্সফার সুবিধা দেবে। পাশাপাশি, এটি দেশে ক্যাশলেস ইকোনমি উৎসাহিত করতে এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের দূরদর্শী লক্ষ্যের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।”
এই সহযোগিতা ওয়ান ব্যাংক ও নগদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে এবং দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173616