আলিম পরীক্ষায় প্রশ্নের গরমিল এড়াতে বোর্ডের জরুরি নির্দেশনা

আলিম পরীক্ষায় প্রশ্নের গরমিল এড়াতে বোর্ডের জরুরি নির্দেশনা

আসন্ন আলিম পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রভিত্তিক বরাদ্দের পরিবর্তে বিবরণী তালিকা বা ‘ডিআর শিট’ অনুযায়ী সর্টিং (বিন্যাস) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিজ মাদ্রাসার কেন্দ্রে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। কেন্দ্র পরিবর্তনের এই সিদ্ধান্তের কারণে কোনো কোনো কেন্দ্রে প্রশ্নপত্রের বরাদ্দের সঙ্গে পরীক্ষার্থীর সংখ্যার অমিল বা গরমিল দেখা দিতে পারে। এই জটিলতা এড়াতেই বোর্ড থেকে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা ওই জরুরি নির্দেশনায় আরও বলা হয়েছে, আলিম পরীক্ষার প্রশ্নপত্রের কেন্দ্রভিত্তিক বরাদ্দ ডিআর শিট পাঠানোর আগেই মুদ্রণের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছিল। কিন্তু পরীক্ষার্থীরা নিজ মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষা দিতে না পারায় প্রশ্নপত্রের বরাদ্দ ও ডিআর শিটের পরীক্ষার্থী সংখ্যার মধ্যে তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বোর্ড থেকে পাঠানো পূর্বের বরাদ্দপত্রের পরিবর্তে ডিআর শিটে উল্লিখিত পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র সর্টিং করতে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কোনো কেন্দ্রে ডিআর শিটের চেয়ে অতিরিক্ত প্রশ্নপত্র পাওয়া গেলে এবং পার্শ্ববর্তী কোনো কেন্দ্রে প্রশ্ন কম থাকলে, তা সরবরাহের মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় করতে হবে। এরপরও যদি প্রশ্নপত্রের ঘাটতি থাকে, তখন জেলা সদরের প্রশ্নপত্রের ট্রাংক থেকে তা সমন্বয় করে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে। বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আলিম পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173539