বগুড়ায় কোহিনুর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন, এক লাখ টাকা জরিমানা
কোর্ট রিপোর্টার : বগুড়ায় বিধবা জোবেদা বেগম ওরফে কহিনুর হত্যা মামলায় অভিযুক্ত আসামি শহিদুল হক ওরফে রিমুকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়ার মৃত ফজলুল হক ঝড়ুর ছেলে। এই মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়। আজ সোমবার (২২ জুন) বগুড়ার স্পেশাল জজ মো. আয়েজ উদ্দিন এই মামলার রায় দেন।
উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার ফুলদিঘী উত্তরপাড়ার মৃত জহির উদ্দিনের মেয়ে বিধাবা জোবেদা বেওয়া ওরফে কোহিনুরের (৫৫) সাথে বসতবাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে বিগত ২০১৬ সালে ৩ জুন সকাল ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামি শহিদুল হক রিমু ফুলদিঘী মধ্যপাড়ায় কোহিনুরকে এলেপাথারি মারপিট এবং কাদামাটির মধ্যে মুখ গুঁজে ধরে হত্যা করে।
এ ঘটনায় নিহত কোহিনুরের ভাই শহরের চকফরিদ কলোনির বাসিন্দা ট্রাক ড্রাইভার আব্দুল মান্নান শাজাহানপুর থনায় এই মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার তৎকালীন এসআই খোকন কুমার কুন্ডু মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে ওই আদালতের পিপি এড. হারুনুর রশিদ এবং আসামি পক্ষে এড. একেএম সাইফুল আসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173530