বগুড়ার শেরপুরে নার্সারির ঘরে দুর্বৃত্তদের আগুন ও ভাঙচুর

বগুড়ার শেরপুরে নার্সারির ঘরে দুর্বৃত্তদের আগুন ও ভাঙচুর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি নার্সারির ঘর ভস্মীভূত হয়েছে। এতে নার্সারির শতাধিক মূল্যবান গাছ ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

একই রাতে পাশের আরেকটি নার্সারির ঘরও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন মহিপুর জামতলা এলাকার জেল হোসেনের ছেলে কামরুজ্জামান রনি (সোহাগ নার্সারির মালিক) ও সাধুবাড়ী এলাকার তোজাম্মেল হকের ছেলে অসীম (অসীম নার্সারির মালিক)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে হেলাল নামের এক ব্যক্তি মোবাইল ফোনে সোহাগ নার্সারির মালিক কামরুজ্জামান রনিকে জানান,  তার নার্সারির ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে রনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান তার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের ভেতরে থাকা নার্সারির প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ ও মেশিনপত্র পুড়ে গেছে। এছাড়াও আগুনের তীব্রতায় নার্সারির বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে বিনষ্ট হয়।

অপরদিকে একই সময়ে দুর্বৃত্তরা পাশের অসীমের নার্সারির কভার ও ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক কামরুজ্জামান রনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার ঘর পুড়িয়ে দিয়েছে। এতে আমার যে আর্থিক ক্ষতি হয়েছে, তার চেয়েও বড় সংকটে পড়েছি আমার ব্যবসা নিয়ে। আমি এখন দিনরাত চরম নিরাপত্তাহীনতা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।

অন্য ভুক্তভোগী অসীম বলেন, আমার নার্সারির ঘর ভাঙচুর করা হয়েছে। এলাকায় আমার কোনো শত্রু নেই। কিন্তু দুর্বৃত্তরা কেন হঠাৎ এমন শত্রুতা করল, তা আমি বুঝতেই পারছি না। এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173516