বগুড়ার দুপচাঁচিয়ায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) আওতায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারসহ স্লিপের কার্যক্রম বাস্তবায়নে ২৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রাপ্ত বরাদ্দের ১২ লাখ ৭৫ হাজার টাকার স্লিপের কাজ ইতিমধ্যেই ৮৪টি বিদ্যালয়ই সুষ্ঠভাবে বাস্তবায়ন সম্পন্ন করেছে। এদিকে ক্ষুদ্র মেরামতের আওতায় ১০টি প্রাথমিক বিদ্যালয় এর জন্য বরাদ্দকৃত ১৫ লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজ এখনও অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় শুরু করতে পারে নাই।

আজ সোমবার (২২ জুন) এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবীর জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাব-কম্পোনেন্ট মেইনটেন্যান্স কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে চলতি বছরে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুটিন মেইনটেনেন্স-এর ব্যয় নির্বাহকল্পে ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি বিদ্যালয় ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষুদ্র মেরামতের আওতায় বিদ্যালয়গুলো সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলী অফিস থেকে নকশা নিয়ে কাজ শুরু করার নির্দেশনা রয়েছে।

আগামী ৩০ জুনের মধ্যে এই সংস্কার কাজ বাস্তবায়নে সময়সীমা বেধে দেওয়া রয়েছে। উপজেলা প্রকৌশলী অফিসে নিজ দপ্তরে কাজের ব্যস্ততার কারনে যথা সময়ে বিদ্যালয় গুলোর সংস্কারে নকশা বা ডিজাইন দিতে না পারায় অনেক বিদ্যালয় ক্ষুদ্র মেরামতের এই সংস্কার কাজ শুরু করতে পারে নাই।

একই সাথে তিনি জানান ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত টাকা সরকারি কোষাগারে যেন ফেরত না যায় সে বিষয়ে ব্যাবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বরাদ্দকৃত টাকার বিল উত্তোলন করে ব্যাংকে রাখা হবে। কাজ বাস্তবায়নের পর তা চেকের মাধ্যমে বরাদ্দকৃত টাকা প্রধান শিক্ষকদের প্রদান করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173476