আনচেলত্তিকে ঘিরে বিতর্কে জল ঢাললেন স্কালোনি
বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি মন্তব্য করেছিলেন, আর্জেন্টিনা নাকি ‘প্রচন্ড তেজের ফুটবল’ খেলে না।
সেই বক্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্কের আবহ তৈরি হচ্ছিল, তখনই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সব জল্পনা থামিয়ে দিলেন।
অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি আনচেলত্তির বক্তব্য পুরোপুরি বুঝেছেন এবং এটিকে কোনো সমালোচনা নয়, বরং প্রশংসা হিসেবেই দেখছেন। তার মতে, ‘আর্জেন্টিনা কেবল দৌড়ঝাঁপ বা শারীরিক শক্তির ওপর নির্ভর করে না, দলটি পরিস্থিতি বুঝে খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করতে জানে। ’
স্কালোনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অস্ট্রিয়াকে তিনি শৃঙ্খলাবদ্ধ, আক্রমণাত্মক এবং বিপজ্জনক দল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ম্যাচে বারবার ওয়াটার ব্রেকের সমালোচনা করে বলেন, এতে খেলার স্বাভাবিক গতি নষ্ট হয় এবং অপেক্ষাকৃত দুর্বল দল সুবিধা পায়।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই কোচ মনে করেন, কাতার বিশ্বকাপজয়ী দলটির তুলনায় বর্তমান দল আরও পরিণত হয়েছে। নতুন কয়েকজন ফুটবলারের অন্তর্ভুক্তি দলকে নতুন মাত্রা দিয়েছে এবং কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাও বেড়েছে।’
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তি দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই আনচেলত্তির মন্তব্যকে বিতর্ক নয়, সম্মান হিসেবেই দেখছেন স্কালোনি। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধারই আরেকটি উদাহরণ হয়ে থাকল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173462