একক সর্বোচ্চ গোলদাতা কি হতে পারবেন মেসি?
স্পোর্টস ডেস্ক: খেলাপ্রেমীদের আজ রাতে ঘুমানোর উপায় নেই। একদিকে আর্জেন্টিনার নকআউটের টিকিট কাটার সমীকরণ, অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম মহাকাব্যিক এক রেকর্ড ভাঙার হাতছানি।
বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আজ রাত ১১টায় যখন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হবে, তখন পুরো বিশ্বের নজর থাকবে একজনের ওপর লিওনেল মেসি। কারণ, আজ রাতে অস্ট্রিয়ার জালে মাত্র একটি গোল করতে পারলেই জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে ১৭ গোল নিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন লিওনেল মেসি।
এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোলই মেসিকে নিয়ে যাবে সবার ওপরে। আর যদি আজকেও তিনি হ্যাটট্রিক করতে পারেন, তবে সেটি হবে তাঁর ক্যারিয়ারের ৬২তম হ্যাটট্রিক এবং বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের এক অতিমানবীয় কীর্তি।
তবে মেসি শুধু নিজের রেকর্ডের জন্য খেলবেন না, দলের জন্য আজকের ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার লড়াই। আজ আলবিসেলেস্তেরা জিতলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষস্থান তো ধরে রাখবেই, পাশাপাশি অন্য ম্যাচে আলজেরিয়া-জর্ডান ড্র হলে এক ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত হবে স্কালোনির দলের।
রাত ১১টায় রেফারি বাঁশি বাজানোর পর থেকে ফুটবল বিশ্ব প্রহর গুনবে সেই একটি মুহূর্তের। যখন মেসি বল জালে জড়াবেন এবং ক্লোসার রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173411