বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত দুই দেশ: তারেক রহমান

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত দুই দেশ: তারেক রহমান

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে গভীর সংযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি জানান, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, যৌথ কমিশন বৈঠক এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়েছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সে সুযোগ কাজে লাগাতে মালয়েশীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমে এবং কর্মীদের খরচ হ্রাস পায়। অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ীকরণ এবং আটক বাংলাদেশিদের বিষয়ে মানবিক বিবেচনার বিষয়ও আলোচনায় এসেছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে। আঞ্চলিক সহযোগিতা এবং আসিয়ানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173403