ম্যাচের কয়েক ঘণ্টা আগে চমক দিলেন মেসি ও ডি পল

ম্যাচের কয়েক ঘণ্টা আগে চমক দিলেন মেসি ও ডি পল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেই একটু ভিন্ন সময় কাটালেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। আর্জেন্টিনা দলের এই দুই তারকা অনুশীলন শিবির থেকে কিছুটা সময় বের করে হাজির হন নরসুন্দরের কাছে। আর সেখানেই নতুন লুকে ধরা দেন তারা। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। মেসি নতুন হেয়ারস্টাইলে খুব বড় কোনো পরিবর্তন আনেননি। তবে আগের তুলনায় চুল কিছুটা ছোট করে নিজের পরিচিত ও সিগনেচার লুকে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে আসার সময় তার চুল কিছুটা লম্বা ছিল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেটি ছেঁটে আরও পরিপাটি ও পরিচ্ছন্ন রূপে দেখা গেল তাকে।মেসি ও ডি পলের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো। জাতীয় দলের খেলোয়াড়দের চুলের স্টাইলের দায়িত্ব বহু বছর ধরেই পালন করে আসছেন তিনি।

বরাবরের মতোই মেসির সঙ্গী ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ রদ্রিগো ডি পল। আর্জেন্টাইন মিডফিল্ডারও নতুন করে চুল ছাঁটলেও খুব বেশি পরিবর্তন আনেননি। ছোট ও পরিপাটি হেয়ারকাটেই দেখা গেছে তাকে।

ক্যারিয়ারের এক পর্যায়ে ডি পলকে দেখা গেছে রঙিন চুল, ভিন্নধর্মী স্টাইল ও দীর্ঘ চুলে। তবে সাম্প্রতিক সময়ে তিনি অনেকটাই মার্জিত ও ক্লাসিক লুক বেছে নিয়েছেন। দ্বিতীয় বিশ্বকাপে অংশ নিতে এসে সেই ধারা বজায় রেখেছেন তিনি।

স্টাইলিস্টের প্রকাশ করা ছবিতে দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল ও নির্ভার দেখা গেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে চাপমুক্ত পরিবেশেই সময় কাটিয়েছেন তারা।প্রসঙ্গত, অস্ট্রিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এবারই প্রথম পুরো দলকে ফিট অবস্থায় পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173400