কুড়িগ্রামের চিলমারীতে হাটের রাস্তার বেহাল দশা

কুড়িগ্রামের চিলমারীতে হাটের রাস্তার বেহাল দশা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ঐতিহ্যবাহী জোড়গাছ হাটের খাস খাজনা আদায়ে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা ইজারা দেয়া হয়। যা ভ্যাট ট্যাক্সসহ ২ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। ইজারাদার হিসাবে সর্বোচ্চ দর ডেকে হাটটি নেন জোড়গাছ বাজারের ব্যবসায়ী মাইদুল ইসলাম। অথচ বর্তমানে হাটের প্রবেশেদ্বারসহ সকল রাস্তার বেহাল দশা। 
সরেজমিনে দেখা যায়, জোড়গাছ পুরাতন বাজারের প্রবেশদ্বার একমাত্র পাকা রাস্তাসহ বাজারের সকল রাস্তায় কাদা, পানি ও ময়লা জমে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করেছে। কাদাযুক্ত পানির মধ্যেই সারিবদ্ধভাবে চলছে বিভিন্ন যানবাহন আর দুই ধারে দোকানের দরজা দিয়ে ঠেলাঠেলি করে হেঁটে চলছে পথচারীরা।

হাটে আসা সাদেক হোসেন, রুবেল মিয়া, সোহেল আহমেদ, মনজু মিয়া, পিন্টু মিয়াসহ অনেকে জানান, এটি পাকা রাস্তা অথচ কাদা আর পানিতে এ সড়কে হাঁটা মুশকিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হাঁটার অযোগ্য হয়ে পড়ে। এ বিষয়ে হাট ইজারাদার মো. মাইদুল ইসলাম বলেন, রাস্তা-ঘাটের আরও খারাপ অবস্থা ছিল, হাট ইজারা নেয়ার পর নিজস্ব তহবিল থেকে ৩ লাখ ২২ হাজার টাকা ব্যয় করে একটু চলার মত করেছেন। রাস্তাসহ হাটের উন্নয়ন না হলে ক্ষতিগ্রস্থ হতে পারেন তিনি। এসময় হাটের বিভিন্ন উন্নয়নের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, রাস্তাটির বেহাল দশা দেখেছি। রাস্তার কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এলজিইডি অফিসকে এস্টিমেট করার জন্যও বলা হয়েছে। ওরা এস্টিমেন্ট করলে টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173379