বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা
বিনোদন ডেস্কঃ বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে স্মরণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে তিনি বাবার স্মৃতি, শূন্যতা এবং জীবনের গভীর অনুভূতি তুলে ধরেন।
চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘গত কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকা থেকে বাবা দিবস উপলক্ষে একটা ইন্টারভিউ চাচ্ছিল। বাবাকে নিয়ে স্মৃতিচারণ! কি বলব, বলেই বা কি লাভ? বাবাকে হারিয়েছি প্রায় চার বছর আগে! “বাবা” শব্দটা বুকের ভেতর থেকে বের হয়ে মুখে আটকে আছে চারটা বছর!’ তিনি আরো জানান, বাবার কথা মনে পড়ে ঘুমহীন এক রাতে তিনি বাবার ছবির সামনে দাঁড়িয়ে সময় কাটিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173378
সেই অনুভূতির কথা বলতে গিয়ে তিনি লেখেন, ‘গতকাল রাতে ঠিক কোনোভাবেই ঘুম আসছিল না। বাবার কথা খুব মনে পড়ছিল। বারবার লাইট জ্বালিয়ে ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা দেখছিলাম। তারপর সলীল চৌধুরীর লেখা এই কবিতার কথা মনে হলো। বার বার গলা কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল, শেষ পর্যন্ত কবিতাটা মোবাইল ফোনে রেকর্ড করলাম!’
বাবার শূন্যতার অনুভূতি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘মাথার ওপর থেকে যখন বাবার ভরসা আর স্নেহের হাতটা চলে যায়, পিতৃহারা সন্তানরা তখন বুঝতে পারে পৃথিবী কতটা ফাঁকা! আর কিছু নয়, অন্তত বাবার আদর্শ ধারণ করে যেন বাকি জীবনটা কাটাতে পারি!’
শেষে তিনি সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সব বাবাকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।