বগুড়ার কাহালুতে খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার কাহালুতে খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে রাকিব নিশ্চিন্তপুর গ্রামের পাশে একটি খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারের সাথে তার শরীরের স্পর্শ লাগে। এতে মুহূর্তের মধ্যেই পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া মেনে মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173377