কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ ইয়াবাসহ নারী আটক
কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫টি ইয়াবাসহ জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
আজ রোববার (২১ জুন)সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী নভোএয়ার-এর ফ্লাইট ভিকিউ-৯২২-এর ওই যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হচ্ছিল। এ সময় স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা স্ক্রিনে লাগেজের ভেতরে সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করেন।
পরে নারী যাত্রীর উপস্থিতিতে লাগেজটি খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেটগুলো খুলে গণনা করে ৯ হাজার ৮২৫টি ইয়াবা পাওয়া যায়। মাদকসহ হাতেনাতে ধরা পড়ায় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নারী ও উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173328