টেকনাফে ইয়াবা ও ৪ মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) একটি চৌকস দল চিরুনি অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ আবসার মিয়া (২০) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে।
আজ রবিবার (২১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটককৃত আবসার মিয়া টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্বপাড়া কাটাখালী এলাকার নুরুল আলমের ছেলে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পেশাদার ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করা হয়।
অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, কক্সবাজার জেলার সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক চোরাচালান বন্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের রুট ও এর পেছনের সিন্ডিকেট নির্মূলে র্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।