বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৪১) ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াকুব আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদি হয়ে আজ রোববার (২১ জুন) থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সদর এলাকার মাটিহাস গ্রামের ওই মানসিক প্রতিবন্ধী নারী তাঁর বোনের বাড়িতে বসবাস করতেন। গত ১৫ জুন সোমবার বেলা ১১টার দিকে মাটিহাস মসজিদ পাড়া গ্রামের একটি পরিত্যক্ত মাটির ঘরের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে একা পেয়ে একই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আছির আলী খানের ছেলে ইয়াকুব আলী খান (৭৫)।
বিভিন্ন অশালীন কথাবার্তার একপর্যায়ে সে ওই পরিত্যক্ত ঘরের শিকল খুলে প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ভেতরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায় সে। একপর্যায়ে ওই নারী কৌশলে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি ইয়াকুব আলী খানকে গ্রেফতার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (২১ জুন) (তদানীন্তন কার্যদিবসে) আসামিকে বগুড়া আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173314